জব্দ দুই মোবাইল ফোন
চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার মর্যাদা) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ঘিরে পুলিশ সদস্যদের মধ্যে আটকের খবর ছড়িয়ে পড়েছে। তবে তাঁকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন রেঞ্জ ডিআইজি। তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সাথে তাকে নজরদারিতে রাখা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী আটকের খবরটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। বুধবার রাতে গণমাধ্যমকে তিনি বলেন, তাকে আটক বা ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে-এসব খবর গুজব। তবে একটি অভিযোগের ভিত্তিতে তার মোবাইলগুলো জব্দ করা হয়েছে। কী অভিযোগ জানতে চাইলে তিনি বলেন, তদন্তের আগে কোনো কিছু বলা যাচ্ছে না।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম চট্টগ্রামের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
তবে একটি সূত্র বলছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল নগরের হালিশহরে আরআরএফ পুলিশ লাইনস থেকে জাহাঙ্গীর আলমকে নিজেদের হেফাজতে নিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার পর তাঁকে নজরদারিতে রাখা হয়েছে বলেও জানা গেছে।