• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

ফুলকলি ও শপিং ব্যাগসহ তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

/ ৩৪
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

খাবার তৈরির উপকরণে ময়লা, মেয়াদোত্তীর্ণ বাটার, পোড়া তেল, মাছি ও তেলাপোকার উপস্থিতিসহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে চট্টগ্রামের পরিচিত খাদ্যপ্রতিষ্ঠান ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই দিন শপিং ব্যাগ সুপারশপ ও কাহওয়া ক্যাফতে অভিযান চালিয়ে আরও ৪ লাখ টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি।

শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগরের বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও নিরাপদ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।

বিশুদ্ধ খাদ্য আদালতের কার্যক্রমে ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে খাদ্য উৎপাদনে লেবেল ও মেয়াদবিহীন বাটার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ডালডার মধ্যে পাওয়া যায় পলিথিন ও ময়লা। টোস্ট পাউডার ও খামিতে ছিল মাছি। টোস্ট সংরক্ষণের স্থানে দেখা যায় তেলাপোকার বিচরণ।

এ ছাড়া চানাচুর ও মটরভাজা তৈরিতে পোড়া তেল ব্যবহার, কেক ও রুটি তৈরির উপকরণে ময়লা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের চিত্রও পাওয়া যায়। মান নিয়ন্ত্রণ ছাড়াই খাদ্যপণ্য বাজারজাত করার অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত। অন্যদিকে শপিং ব্যাগ সুপারশপে অস্বাস্থ্যকর পরিবেশে মেজবান তৈরি, রান্নায় ব্যবহৃত তেলে ময়লা এবং আমদানি করা খাদ্যপণ্যে যথাযথ লেবেল না থাকার প্রমাণ পাওয়া যায়। খাদ্যপণ্যের সঙ্গে ইঁদুর মারার ওষুধ ছিটিয়ে রাখা এবং পচা মরিচ সংরক্ষণেরও প্রমাণ মেলে। এ ছাড়া খোসপাঁচড়া রোগে আক্রান্ত কর্মীকে দিয়ে মসলা প্রস্তুত করা হচ্ছিল।

এসব অনিয়মে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

পাশাপাশি শিশুদের খেলনা বিক্রির স্থান ও মাংসের পাতিল আলাদা জায়গায় রাখার প্রমাণ আগামী ১৫ নভেম্বর আদালতে সশরীর উপস্থিত হয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে, কাহওয়া ক্যাফেতে কেকের ওপর মুরগির নখ পড়ে থাকতে দেখা যায়। সেখানে ময়লাযুক্ত মেয়াদোত্তীর্ণ খামি, পচা বিটরুট ও মেয়াদোত্তীর্ণ পাতি সংরক্ষণ করা হচ্ছিল। ডাস্টবিনও ছিল খোলা ও অপরিচ্ছন্ন। এ ছাড়া ম্যাঙ্গো ফ্লেভার ড্রিংকসকে ম্যাঙ্গো ড্রিংকস হিসেবে বিক্রির মাধ্যমে পণ্যের পরিচয়ে কারসাজি করা হচ্ছিল। এসব অনিয়মের দায়ে ক্যাফেটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা ও মহানগর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম মহানগর পুলিশের এসআরবি-৭ এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশ নেয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান ও বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য খবর