জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, নগরের দক্ষিণ হালিশহর ওয়ার্ডসহ ইপিজেড সংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিন পানির সংকটে ভুগছে। এছাড়াও পতেঙ্গা কোন সরকারি হাসপাতাল নেই। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় নিমগ্ন থাকে এলাকটি। দ্রুত জনগণের দূর্ভোগ লাগবে সব সমস্যা সমাধান করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে নগরের ৩৯ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, একটি বন্দরনগরীর গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকা পতেঙ্গা ও হালিশহর। এখানকার বাসিন্দাদের সুপেয় পানির জন্য দুর্ভোগ পোহাতে হবে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করা, নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখা এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে বর্ষা মৌসুমে মানুষের দুর্ভোগ স্থায়ীভাবে লাঘব করতে হবে। একই সঙ্গে সময়মতো ময়লা-আবর্জনা অপসারণ করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, পতেঙ্গা, দক্ষিণ হালিশহর, ইপিজেডসহ ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের বিপুল জনগোষ্ঠীর উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পতেঙ্গা এলাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণ অত্যন্ত জরুরি। এ অঞ্চলের মানুষকে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী এলাকায় ছুটতে হয়, যা সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি অনেক ক্ষেত্রে দুর্ভোগ বাড়ায়। তাই এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিতে হবে। নাগরিক সুবিধা নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং পরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে দক্ষিণ হালিশহরসহ পুরো অঞ্চলকে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
সভায় ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর ওসমান গনি, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শাহেদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।