শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার করা সরকারের জন্য ফরজ বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, ওসমান হাদি ব্যক্তিগত শত্রুতার কারণে শহীদ হননি। তাঁর সঙ্গে কারও জমি নিয়ে বিরোধ ছিল না, ব্যক্তিগত কোনো মামলাও ছিল না। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন। তাঁর হত্যার বিচার করা বাংলাদেশ রাষ্ট্রের ওপর ফরজ।
শক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। এর আগে মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামাল খান গোলচত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ওসমান হাদী হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে ‘মার্চ ফর ইনসাফ’ নামে এই কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘ওসমান হাদি, বাংলাদেশের আজাদি’ এবং ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতিমা তাসনিম ঝুমা ও আসাদুজ্জামান আসাদ, রিদুয়ান হৃদয়সহ নেতৃবৃন্দরা।উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি দেশের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে। বিভিন্ন এলাকা ঘুরে কক্সবাজার ,টেকনাফে গিয়ে এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।