• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার

/ ৩৯
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। সংগঠনের রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের বিআইএ হলরুমে এক বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার নবনির্বাচিত আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি নবনির্বাচিত জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদারকে শপথবাক্য পাঠ করান।

জেলা সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুল হামিদ চৌধুরী, মাস্টার নুরুচ্ছালাম , রফিকুল ইসলাম, ইউসুফ বিন আবু বক্কর, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা মুহি উদ্দিন, মাওলানা জামাল হোসাইনসহ জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আজাদ বলেন, দায়িত্ব কোনো সামাজিক স্ট্যাটাস কিংবা ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, সততা ও জবাবদিহির মানসিকতা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। একজন দায়িত্বশীলকে কৃত্রিম বা আনুষ্ঠানিক সহযোগিতা নয়, বরং আন্তরিকতা, ভালোবাসা ও দায়িত্ববোধের মাধ্যমে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে হলে প্রত্যেক দায়িত্বশীলকে নিজেদের রুহানিয়াত বা আত্মিক শক্তি বৃদ্ধি করতে হবে। রুহানিয়াত শক্তিশালী হলে কাজের মধ্যে বরকত আসবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও ফলপ্রসূ হবে। এ জন্য সংগঠনের অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর ও সুসংহত রাখা, তৃণমূল পর্যায়ে গণভিত্তি তৈরি করা এবং সামাজিক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, নৈতিকতা, আদর্শিক অবস্থান ও সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না। সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে নেতৃত্বের প্রতি আনুগত্য, পারস্পরিক আস্থা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য। প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক ময়দান শহীদের রক্তস্নাত ময়দান। এ ময়দানে দ্বীনের বিজয় প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্বশীলদের নিরলস পরিশ্রম, ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সাংগঠনিক লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের পারস্পরিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

সভাপতির বক্তব্যে নবনির্বাচিত জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, আমীরের দায়িত্ব কোনো ব্যক্তিগত পদমর্যাদা কিংবা সম্মানের বিষয় নয়; বরং এটি একটি গুরুদায়িত্ব ও আমানত। এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য মহান আল্লাহর সাহায্য এবং সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সব পর্যায়ের জনশক্তিকে সঙ্গে নিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার সর্বাত্মক চেষ্টা করবেন। সংগঠনের প্রত্যেক পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক লক্ষ্য বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ দায়িত্ব পালনে তিনি সবার দোয়া, পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমীরদের নাম ঘোষণা করেন দলের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে জেলা আমীরগণ নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় মুহাম্মদ আলা উদ্দীন সিকদার চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর হিসেবে পুনর্নির্বাচিত হন এবং আজ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য খবর