জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা।
মিছিল থেকে তারা সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন। একই সঙ্গে নুসরাতসহ জুলাই গণ-অভ্যুত্থানের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদেরও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নগরের ষোলশহর দুই নম্বর গেট থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরের প্রবর্তক মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় নেতা-কর্মীরা ‘জনগণের নিরাপত্তা দাও, নইলে গদি ছাড়ো’, ‘জুলাই সনদ মেনে নাও, নইলে গদি ছাড়ো’ এবং ‘গণহত্যার বিচার দাও, নইলে গদি ছাড়ো’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নুসরাতের বাড়িকে টিনের বাড়ি বলে উল্লেখ করেছেন। কিন্তু তাদের কাছে এই টিনের বাড়ির মূল্য অনেক। বাড়িটি বাংলো না হলেও সেখানে আগুন দেওয়ার ঘটনাকে ছোট করে দেখার সুযোগ নেই। দেশে একের পর এক অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। মাদ্রাসায় আগুন, ব্যবসায়ীর ট্রাকে আগুন দেওয়ার মতো ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না।
চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির আহ্বায়ক আকরামুল হোসেন বলেন, এমন নিরাপত্তাহীন বাংলাদেশ দেখার জন্য জুলাইয়ে শহীদেরা আত্মত্যাগ করেননি। স্থানীয় সরকার নির্বাচনের আগে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো চুক্তি সরকারের সঙ্গে হয়ে থাকলে সরকারকেও সেই পথের পরিণতি ভোগ করতে হবে।
চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন বলেন, এনসিপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি পক্ষ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনকে ব্যবহার করে দলটির নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরে থাকা আওয়ামী লীগের অনুসারীদের মদদ ও অর্থায়নে এসব ঘটনা ঘটানো হচ্ছে।
আরিফ মঈনুদ্দিন আরও বলেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে লাগা আগুন এখনই থামানো না হলে তা আরও ছড়িয়ে পড়তে পারে। জুলাই গণ-অভ্যুত্থানের নেতা-কর্মীদের বাড়িঘর নিরাপদ না থাকলে প্রধানমন্ত্রী তারেক রহমানের গদি ও প্রধানমন্ত্রিত্বও নিরাপদ থাকবে না। হামলা বন্ধ না হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের এর জবাব দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তিনি অভিযোগ করেন, গত ১৬-১৭ বছর যারা দেশের বাইরে ছিলেন এবং যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশে ছিলেন, তাদের কেউ কেউ এখন আওয়ামী লীগের ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছেন।
মশাল মিছিল ও সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব জোবায়েরুল আলম মানিক, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক তানজিদ রহমান, মহানগর ছাত্রশক্তির মুখ্য সংগঠক রাশেদ আলম, মহানগর যুবশক্তির আহ্বায়ক বখতিয়ার হোসেন এবং মহানগর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ সাজ্জাদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।