চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিয়া নামে এক শিক্ষার্থীসহ আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার প্রতিক্রিয়ায় মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কুমিরা এলাকায় আইআইইউসি গেটের বিপরীতে ডালাস পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে মাইশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন প্রতিবন্ধকা সৃষ্টি করে অবরোধ করে শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বেরা ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাইশা ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিরা এলাকায় আইআইইউসি গেটের বিপরীতে ডালাস পেট্রোল পাম্পের পাশে মাইশাসহ কয়েকজন শিক্ষার্থী সড়ক পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি লরি এসে বাসকে ধাক্কা দেয়। ধাক্কায় উল্টে গিয়ে বাসটি শিক্ষার্থীদের ওপরে পড়ে। এতে গুরুতর আহত হয়ে মাইশাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত মাইশা মুশফিরাত চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সাখাওয়াত হোসেন এবং মায়ের নাম সালমা আক্তার। এ ঘটনায় রাজিয়া নামে বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এসময় বহিরাগত আরও একজন শিক্ষার্থী আহত হয় বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোস্তাক খন্দকার বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী রাস্তায় দাঁড়িয়েছিলেন। এসময় একটি লরি এসে বাসকে ধাক্কা দেয়। ধাক্কায় উল্টে গিয়ে বাসটি শিক্ষার্থীদের ওপরে পড়ে। এতে গুরুতর আহত হয়ে মাইশা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।